স্টাফ রিপোর্টার
, যশোর
গণঅধিকার পরিষদের নেতা আবুল কালাম গাজীর গাড়িতে বোমা হামলা ও গুলি করার অভিযোগে তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) তার ভাই গাজী ইউছুফ আকাশ বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন, ঢাকার ভাটারা থানার উত্তর নয়ানগরের ইকবাল শেখ, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়ার ফারুক জমাদ্দার এবং যশোর সদর উপজেলার তফসীডাঙ্গার রাকিব।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে কোতোয়ালি থানার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাঁধাল স্কুল-খালঘাট সড়কে আবুল কালাম গাজীর গাড়ির গতিরোধের চেষ্টা করা হয়।
এ সময় গাড়ি লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ এবং রাকিব শটগান দিয়ে তিন-চারটি গুলি করেন বলে অভিযোগ করা হয়েছে।
গাড়ি চলন্ত থাকায় বোমা দুটি পেছনে বিস্ফোরিত হয়। পরে তিনি গাড়ি নিয়ে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে যান।
অভিযোগে আরও বলা হয়, গাড়িতে একটি লোকেশন ট্র্যাকার পাওয়া যায়, যা আবুল কালাম গাজীর অবস্থান শনাক্ত করতে স্থাপন করা হয়েছিল বলে বাদীর দাবি।
ট্র্যাকারটি ইকবাল শেখের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করা ছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ ঘটনায় আগে থানায় কোনো মামলা হয়েছে কি না, তা প্রতিবেদনসহ আদালতে জমা দিতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।