মাগুরা প্রতিনিধি
নানা আয়োজনের মধ্যদিয়ে মাগুরায় শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকালে মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় স্থানীয় নোমানী ময়দানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, আক্তার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন ও ফারুকুজ্জামান ফারুক এবং জেলা কমিটির সদস্য কুতুব উদ্দিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার যে অভ্যুত্থান ঘটেছিল, তার চেতনা দেশবাসীকে বারবার দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে ৭ নভেম্বরের পটভূমির কোনো বিকল্প নেই। তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশকে নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি দেশের অগ্রযাত্রা রুখতে পারবে না।
সমাবেশ শেষে দুপুর ১২টায় নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।