স্টাফ রিপোর্টার
, যশোর
ঐতিহাসিক রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরা এবং দশ দফা বাস্তবায়নের দাবিতে যশোরে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
দুপুরে শহরের মাইকপট্টি এলাকা থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে সংগঠনের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংগঠনের ৩৫ থেকে ৪০ জন শ্রমিক ও নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন যশোর জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন সরকার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা নাজমুল হোসাইন এবং যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ দুলু।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জন্য যৌক্তিক ও কার্যকর ন্যূনতম মজুরি নির্ধারণ করা জরুরি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তারা জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও দাবি আদায়ে দশ দফা বাস্তবায়নের পাশাপাশি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণ, রেশনিং ব্যবস্থা চালু এবং গার্মেন্টস শ্রমিকদের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানান বক্তারা। এ সময় তারা গ্রেপ্তার হওয়া শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং শ্রমিকদের সব ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।