তারেক মাহমুদ, কালীগঞ্জ (ঝিনাইদহ)
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের হুমকি দিচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন, গোপালগঞ্জের লোকদের দিয়ে সন্ত্রাস করার চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, সকল হত্যার বিচার নিশ্চিতের জন্য আমরা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকবো।
শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রামের মাঠে চাপালি যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, ‘যারা বিএনপি করেন বা জামায়াত করেন মাদক কারবারিরা বা সেবনকারীর জন্য তদবির করবেন না। আশা করি বার্তা ক্লিয়ার।’
আইনমন্ত্রী স্থানীয় এমপি জামায়াতের সাবেক উপজেলা আমির আবু তালেবের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। দেশের মানুষ ৭২ থেকে ৭৫ আওয়ামী লীগ সন্ত্রাসী দেখেছে, রক্ষীবাহিনীর সন্ত্রাসী দেখেছে। এ সময় জাসদের ৩০ হাজার তরতাজা মানুষকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের প্রথম গুম হয়েছিল ৩১ অক্টোবর ১৯৭২ এ কেরানীগঞ্জে। ঠিক মাগরিবের সময় যখন তিনি ওজুরত অবস্থায় ছিলেন, তখন রক্ষীবাহিনী তাকে ধরে নিয়ে যায়। এরপর সিদ্দিক মাস্টার আর ফেরেননি।’
তিনি বলেন, ‘‘বাংলাদেশে প্রথম বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সিরাজ সিকদার, তাকে হত্যা করেছিলেন এসপি মাহবুব। ইতিহাসের পাতা খুললে দেখবেন, সিরাজ সিকদারকে শুধু হত্যা করেই ক্ষ্যন্ত হননি। তৎকালীন পার্লামেন্টে শেখ মুজিবুর রহমান নগ্ন উল্লাসে বলেছিলেন, ‘কোথায় সে সিরাজ সিকদার?’। এরপর একটার পর একটা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। গত ১৭ বছর আওয়ামী শাসনামলে আমাদের সাড়ে চার হাজার সহযোদ্ধাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করা হয়েছে। সাত লাখ বিএনপি নেতাকর্মীকে রাজনৈতিক কারণে মামলা দেওয়া হয়েছে। ২০২৪ সালে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ২০ দিনে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। কত বড় নির্লজ্জ হলে এখনও আগুন জ্বালাচ্ছেন। গোপালগঞ্জের লোকজনকে দিয়ে আগুন জ্বালাচ্ছেন। কোনো লাভ হবে না।”
আইনমন্ত্রী বলেন, ‘যদি কেউ মনে করেন মোটরসাইকেলে সে একটা বোমা ফাটিয়ে চলে গেলাম আর বিএনপি নেতাকর্মীরা, বাংলাদেশের প্রশাসন ও বিরোধীদল চুপ করে বসে থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই। আমাদের নেতাকর্মীরাও আপনাদের বাড়ি ঘর চেনেন। তাদেরও মোটরসাইকেল, গাড়ি আছে। ১৭ বছর ক্ষমতায় থেকে যেভাবে হত্যা করেছেন, সেই দিবাস্বপ্ন আপনার দেখার চেষ্টা করবেন না, এটা আমাদের দ্ব্যর্থহীন উক্তি।’
এর আগে চাপালি যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঝিনাইদহ হামদহ ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হরিণাকুন্ডু ফুটবল দল। আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে মন্ত্রী পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আজাদ রহমান।