কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
এক-দুজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে নস্যাৎ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই। চাঁদাবাজেরা সমাজের জঞ্জাল।
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘একজন-দুজন রাজনীতি করবেন, আর সমাজে বিএনপির বদনাম ছড়াবেন—তা হতে পারে না। যে বিএনপির নাম করে চাঁদাবাজি করছেন, তার রাজনীতি করার অধিকার নেই। তারা এ সমাজের জঞ্জাল। আমি প্রশাসনকে বলছি, যারা চাঁদাবাজি করে, তাদের গ্রেপ্তার করুন।’
তিনি আরও বলেন, চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল। গত ১৬ বছরে এসব চাঁদাবাজ রাতের অন্ধকারে লিয়াজোঁ করে টিকে ছিলেন। আগামী বছরগুলোতেও চাঁদাবাজেরা আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে থাকবেন এবং সংকটকালে কেউ কেউ আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার চেষ্টা করবেন।
আইনমন্ত্রী বলেন, ‘এরা কখনো দলের সম্পদ নন, এরা দলের জন্য আবর্জনা। আপনারা দলের জন্য কাজ করবেন। আমি আপনাদের সঙ্গে থাকবো। যখনই ডাকবেন, তখনই আমাকে পাবেন।’
জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।