স্টাফ রিপোর্টার
, যশোর
গণভোটের রায় উপেক্ষা করে সংস্কার পরিষদের শপথ না নেওয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন, যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রছুল। তিনি বলেছেন, জনগণের গণরায় মেনে সংবিধান সংস্কার না করলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলা সম্ভব নয়।
গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিকেলে শহরের ঈদগাহ মোড় জিরো পয়েন্টে যশোর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম রছুল বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে জাতীয় ঐক্য হতে হবে জনগণের ঐক্য, কোনো দল বা ব্যক্তিকেন্দ্রিক নয়। জনগণের গণভোটের রায় মেনে আগামী জানুয়ারি মাসের সংসদে সংস্কার পরিষদের সুপারিশ অনুযায়ী সংবিধান সংস্কার করলেই কেবল ঐক্যের পথ তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের ব্যর্থতার দায়ভার নেবে না। দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে দেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে।
গণভোটের প্রসঙ্গ টেনে গোলাম রছুল বলেন, প্রায় ৭০ শতাংশ মানুষ সংবিধান সংস্কার ও জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রী-এমপিরাও 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। অথচ সংসদে গিয়ে সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সেক্রেটারি আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন ও নজরুল ইসলাম হান্নান, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুজ্জামান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণিহার সিনেমা হলের সামনের চত্বরে গিয়ে শেষ হয়।