কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি সরকারি দলের ছত্রছায়ায় সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ তোলেন নেতারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পাঁচরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক এবং সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার।
সমাবেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান জামায়েত নেতারা।