মাগুরা প্রতিনিধি
১১-দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোমানী ময়দানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে নোমানী ময়দান।
জেলা জামায়াতের আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ আব্দুল মতিন।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী, শালিখা উপজেলা আমির অধ্যাপক মাওলানা আফছার আলী, শ্রীপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, সদর উপজেলা আমির অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমির অধ্যাপক আশরাফুল আলম, সাবেক ছাত্রনেতা মো. মাসুদুল আলম, সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ এবং ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা সভাপতি মো. জুবায়ের হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলে বক্তব্য দেন। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।
সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।