সুভর্ণভূমি ডেস্ক
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার এই জানাজা সম্পন্ন হয়।
জানাজায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য এবং সংসদ সদস্যরা অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এর আগে, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিবর্গ। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনীতি, সমাজসেবা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে মিজানুর রহমান সিনহার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন মিজানুর রহমান সিনহা। এর আগে তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বাংলাদেশ সময় শনিবার ভোর ২টা ৪৭ মিনিটে তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মিজানুর রহমান সিনহা ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে চারদলীয় জোট সরকার গঠিত হলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।