স্টাফ রিপোর্টার
, যশোর
আগামী ৭ আগস্ট নির্ধারিত সময়ের মধ্যে প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেছে নির্বাচন বাস্তবায়ন কমিটি। এর ব্যত্যয় ঘটিয়ে বর্তমান নির্বাহী কমিটির অন্য কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ প্রত্যাখ্যান করারও ঘোষণা দেওয়া হয়েছে।
একইসাথে আগামী ৭ আগস্ট নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন করতে না পারলে প্রেসক্লাব যশোরের বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ‘অবৈধ’ ঘোষণা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করারও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন বাস্তবায়ন কমিটি।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনের প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা।
কমিটির জরুরি প্রয়োজনে আলোচনা এবং কর্মপন্থা নির্ধারণের জন্য সভা থেকে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে।
কোর কমিটিতে রয়েছেন, একরাম উদ-দ্দৌলা, বিনয় কৃষ্ণ মল্লিক, আকরামুজ্জামান, ফকির শওকত, আনোয়ারুল কবির নান্টু, মবিনুল ইসলাম মবিন, আহসান কবীর, আমিনুর রহমান মামুন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, নূর ইসলাম এবং সরোয়ার হোসেন।
সভায় বলা হয়, বর্তমান নির্বাহী কমিটি প্রেসক্লাব যশোর পরিচালনায় চরম ব্যর্থ হয়েছে। দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়ে তারা ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্বভার গ্রহণ করেন। বিগত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব গ্রহণের পরপরই সদস্যপদ প্রদানসহ প্রেসক্লাব যশোরের উন্নয়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের বাধ্যবাধকতা থাকলেও গত দুই বছরে তারা সদস্যপদ প্রদান এবং সাধারণ সদস্যদের কল্যাণে দৃশ্যমান কোনো কার্যক্রম পরিচালনা না করে কালক্ষেপণের মাধ্যমে দায়িত্বকাল প্রলম্বিত করার চেষ্টা করছেন।
এ কারণে প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্যদের নেতৃত্বে সাধারণ সদস্যরা কমিটির কার্যকাল প্রলম্বিত করার চেষ্টাকে ‘গঠনতন্ত্রবিরোধী ও অগণতান্ত্রিক’ আখ্যায়িত করেন। তা না হলে নির্বাচন বাস্তবায়ন কমিটি ক্লাব ও সদস্যদের স্বার্থে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সজল, জুয়েল মৃধা, এইচ আর তুহিন, তৌহিদ জামান, তহীদ মনি, গোপীনাথ দাস, মির্জা বদরুজ্জামান টুনু, আব্দুল্লাহ হুসাইন, রাজেক জাহাঙ্গীর, মীর মঈন হোসেন মুছা, বি এম আসাদ, এস এম সোহেল, জি এম সোহরাব হোসেন, মুর্শিদুল আজিম হিরু, হানিফ ডাকুয়া, রকিব হোসেন স্বপন, গালিব হাসান পিল্টু, হাসফিকুর রহমান পরাগ প্রমুখ।