মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
‘উৎপাদনশীলতা বাড়াই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তৌহিদুল কবীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আনিচুর রহমান রিপনসহ সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, সময়ের সঠিক ব্যবহার, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং সেবার মান উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।
আলোচনা সভায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের তাৎপর্য তুলে ধরে উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।