চুয়াডাঙ্গা প্রতিনিধি
অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় ‘মেসার্স মল্লিক গ্যাস ঘর’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার পৌর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে গ্যাস ও খাদ্যপণ্য তদারকি করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে মুক্তাজুর রহমান মল্লিকের প্রতিষ্ঠান মেসার্স মল্লিক গ্যাস ঘরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ে প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে গ্যাস মজুত না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ ও শিশুখাদ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।