স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুরের খাটুরা বাঁওড় অবৈধভাবে দখলে রাখার অভিযোগ তুলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন মৎস্যজীবী সমিতির সদস্যরা।
রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতির কোষাধ্যক্ষ আলতাব হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে সমিতির সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। এ সময় তারা ‘মাছ ধরার অনুমতি দাও, নইলে আমাদের বিষ দাও’; ‘জাল যার, জল তার’ স্লোগানসম্ববলিত প্লাকার্ড নিয়ে বিক্ষোভ করেন।
সমিতির নেতারা জানান, ইজারার মাধ্যমে খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতির ১০১ সদস্য বাঁওড়টি পরিচালনা করছিলেন। ৫ আগস্টের পর স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক বাঁওড়টি দখলের চেষ্টা করেন।
সর্বশেষ গত এপ্রিল থেকে তিনি তার লোকজন দিয়ে বাঁওড়টি পুরোপুরি দখলে নিয়ে নেন বলে অভিযোগ করেন তারা। সমিতির সদস্যরা বাঁওড়ে নামতে গেলে চেয়ারম্যানের লোকজন তাদের হামলা, মামলা ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ।
নেতারা আরও বলেন, বাঁওড়ের প্রকৃত সদস্যরা মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন বাঁওড়ে মাছ ধরতে না পেরে তারা মানবেতর জীবনযাপন করছেন। এ পরিস্থিতিতে চলতি মৌসুমে বাওড় থেকে মাছ আহরণের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগমের কাছে স্মারকলিপি দেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।