মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন
সুবর্ণভূমি ডেস্ক
পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানিতে বড় ধরনের করছাড় দিয়েছে সরকার। মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ভ্যাট বহাল রেখে বাকি প্রায় সব ধরনের শুল্ক ও কর থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত এইচএস কোডের আওতায় ন্যূনতম ১৭ আসনবিশিষ্ট সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস- শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্য কাজে ব্যবহারের জন্য আমদানির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। এ ক্ষেত্রে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর বহাল থাকবে। তবে এর বাইরে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক (যদি থাকে), আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি মিলবে। ফলে মোট করভার কার্যত ১৫ শতাংশে সীমিত থাকবে।
এতে আরও বলা হয়, এই সুবিধা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। একই সঙ্গে ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার ট্রাক আমদানির ক্ষেত্রেও একই ধরনের করছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রেও পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়বে, জ্বালানি নির্ভরতা কমবে এবং নগর পরিবহনে দূষণ হ্রাসে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি পরিবহন খাতে আধুনিকায়নের গতি ত্বরান্বিত হবে বলেও আশা করা হচ্ছে।