পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার কপিলমুনি বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। অভিযানকালে বাজারের বিভিন্ন মৎস্য জাল বিক্রয়কারী প্রতিষ্ঠানে ব্যাপক তদারকি চালিয়ে নিষিদ্ধ জাল বিক্রি ও সংরক্ষণের সত্যতা পাওয়া যায়। আইন লঙ্ঘন করে এসব নিষিদ্ধ জাল রাখার দায়ে ব্যবসায়ী অমিত বিশ্বাস ও তুষার মণ্ডলকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের দোকান থেকে নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয় এবং পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সতর্ক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী বলেন, ‘নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রয় দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এসব ক্ষতিকর জালের মাধ্যমে মাছের পোনা নির্বিচারে নিধন হচ্ছে, যা আমাদের প্রাকৃতিক মৎস্যসম্পদকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এবং ভবিষ্যতে মাছের উৎপাদন হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি করছে।’
অভিযান পরিচালনাকালে আদালতের পেশকার মো. আনিসুর রহমানসহ নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, নিষিদ্ধ জাল বিক্রি ও ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। দেশীয় মৎস্যসম্পদ রক্ষা এবং জনস্বার্থে এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।