সুবর্ণভূমি ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের শীর্ষ দশটি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থার প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন এ তথ্য প্রকাশ করেন।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিএফআইইউ প্রধান জানান, জব্দকৃত সম্পদের মধ্যে দেশের অভ্যন্তরেই ৫৭ হাজার কোটি টাকার সম্পদ ফ্রিজ বা ক্রোক করা হয়েছে। এছাড়া অবশিষ্ট ১৯ হাজার কোটি টাকার সমপরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে বিদেশে।
দেশ থেকে পাচার ও চুরি হওয়া অর্থ-সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ইখতিয়ারউদ্দিন মো. মামুন বলেন, ‘দেশ থেকে যে সম্পদ চুরি হয়ে গেছে, তা উদ্ধারে জোর তৎপরতা চলছে। আশা করছি, এ বছরের শেষ নাগাদ সম্পদ উদ্ধারের বিষয়ে আমরা দেশবাসীকে বড় কোনো সুখবর দিতে পারবো।’
সংস্থার নিরপেক্ষতা ও কার্যক্রমের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা কোনো দলমতের দিকে তাকিয়ে কাজ করি না। যেকোনো সন্দেহজনক লেনদেন বা সম্পদের তথ্য পেলেই ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও কেউ যদি এমন অনিয়মের সাথে জড়িত থাকেন, তবে সেটিও তদন্তে সামনে আসবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’