কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
৭০ বছরের বৃদ্ধ কাজী আলেক। স্ট্রোক করে স্ত্রী জুলেখা বেগম (৬৮) হারিয়েছেন চলাচলের শক্তি। এই দম্পতির জীবনযুদ্ধের একমাত্র সম্বল দশ কাঠা জমির পানের বরজ। তারা দু’জনে মিলে পরিচর্যা করেন পান বরজটি। বুধবার ভোরে কে বা কারা শত্রুতাবশত তাদের পান বরজটি কেটে দিয়েছে। অসহায় পরিবারের ভরন-পোষণের একমাত্র আয়ের উৎস পান বরজটি নষ্ট হওয়ায় তাদের কান্না থামছেনা। ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামের।
ক্ষতিগ্রস্ত বৃদ্ধ কাজী আলেক ও প্রতিবন্ধী স্ত্রী জুলেখা বেগম জানান, তাদের বাড়ির কিছু দূরে দশ কাঠা জমিতে পানের বরজ রয়েছে। প্রতিদিনের মতো বুধবার সকালে নামাজ পড়ে পান বরজে যান। বরজের ভেতরে ঢুকেই দেখতে পান গাছের লতাপাতা কাটা ছেড়া। এরপর বরজের ভেতর ঘুরে দেখেন সব পান গাছের গোড়া কাটা। কে বা কারা শত্রুতাবশত গভীর রাতে তার দশ কাঠা জমির পান বরজ কেটে নষ্ট করেছে। বরজের পাশেই বৃদ্ধ ও বৃদ্ধা দম্পতি তাদের কাটা পান গাছ দেখাতে দেখাতে অঝোরে কাঁদছিলেন। এই পান বরজের টাকায় তাদের সারা বছরের সংসার ও ওষুধ খরচ মেলে। এখন কিভাবে চলবে তাদের সংসার।
বৃদ্ধ আলেক আরো জানান, তার এক টুকরো ভিটে বাড়ি ও পানবরজ ছাড়া মাঠে কোনো জায়গা জমি নেই। এক ছেলে সন্তান থাকলেও সেও পরের জমিতে কামলা খাটে। এখন সংসার ও ওষুধ খরচের চিন্তায় চোখে অন্ধকার দেখছেন।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন বলেন, ‘পানবরজ বিনষ্টের খবর পেয়ে এক অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’