ঝিনাইদহ প্রতিনিধি
মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং মাছের প্রজনন বৃদ্ধি করতে ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অর্ধশতাধিক চাইনিজ দুয়াড়ি জাল জব্দ করা হয়। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে উপজেলার নৈহাটি বিলে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় নদী, খাল, বিলে পানি বৃদ্ধি পেয়েছে। এ সময় কিছু অসাধু ব্যক্তি মাছ ধরতে চাইনিজ দুয়াড়ি জাল ব্যবহার করছে। এই জালে পুটি, টেংরা, খোলসে ও রয়নাসহ বিভিন্ন প্রজাতির মা মাছ, ছোট মাছসহ বিভিন্ন প্রকার জলজ প্রাণী আটকা পড়ছে। এতে হুমকির মুখে পড়ছে মাছের প্রজনন এবং ক্ষতির মুখে পড়ছে জলজ প্রাণী।
এরই প্রেক্ষিতে উপজেলার নৈহাটি বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। খালের ভেতর পেতে রাখা ৬০টি চাইনিজ দুয়াড়ি জাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার বলেন, ‘মৎস্য আইন বাস্তবায়নের লক্ষে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নৈহাটি এলাকায় বিলে অভিযান করে ৬০টি জাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। এই জালের মুল্য আনুমানিক আড়াই লাখ টাকা।’
তিনি আরো বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না। মানুষকে সচেতন হতে হবে। এই জালের ব্যবহার নিরুৎসাহিত করতে হবে। এর ব্যবহার কমে গেলে মাছের প্রজনন বাড়বে এবং দেশীয় প্রজাতির মাছের সংখ্যা অনেক বেড়ে যাবে।