যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উৎসবের রঙে সাজছে পাইকগাছার ১৫১টি পূজামণ্ডপ

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৮:১৬ পিএম
আপডেট : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৮:৪৭ পিএম
উৎসবের রঙে সাজছে পাইকগাছার ১৫১টি পূজামণ্ডপ

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে খুলনার পাইকগাছা উপজেলাজুড়ে। প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ, মণ্ডপ সাজসজ্জা, দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ ও আলোকসজ্জায় ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫১টি পূজামণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি।

শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর উৎসবের আগমনী আবহে ইতোমধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে উপজেলার বিভিন্ন জনপদে। মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হওয়ার পর থেকেই মণ্ডপগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা। মৃৎশিল্পীরা দিন-রাত পরিশ্রম করে সম্পন্ন করছেন প্রতিমার কাজ। কোথাও চলছে রঙের প্রলেপ, আবার কোথাও দেবদেবীর পোশাক ও অলংকার পরানোর প্রস্তুতি। পাশাপাশি চলছে নান্দনিক প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার কাজ।

প্রতিমাশিল্পীদের নিপুণ হাতে ফুটে উঠেছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা। উৎসবের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আয়োজকদের ব্যস্ততা। অন্যদিকে কেনাকাটা, আত্মীয়স্বজনের আগমন ও অতিথি আপ্যায়নের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলো।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার তথ্যমতে, এবার পৌর এলাকায় ছয়টি, হরিঢালীতে ১৭টি, কপিলমুনিতে ১৮টি, লতায় ১২টি, দেলুটিতে ১৩টি, সোলাদানায় ১২টি, লস্করে ১৯টি, গদাইপুরে সাতটি, রাড়ুলীতে ২০টি, চাঁদখালীতে ১৫টি এবং গড়ইখালী ইউনিয়নে ১২টিসহ মোট ১৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

১৫ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। পরবর্তীতে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ বর্ণাঢ্য উৎসব।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ জানান, মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুসরণ করে শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় পরিবেশে উৎসব উদযাপনের সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, ‘শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করছি।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)