লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীরামচন্দ্রকে ‘অবমাননা’ এবং গাইবান্ধাসহ সারাদেশে ‘মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির’ প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পর্ষদের আয়োজনে লোহাগড়া শহরের নিতাই-গৌর সুন্দর জিউর মন্দিরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) শংকর অধিকারী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গৌতম দেওয়ান, নিতাই-গৌর সুন্দর জিউর মন্দিরের সাধারণ সম্পাদক দিপক সাহা, ইতনা স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক মদন ভদ্র, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক পংকজ সরকার, নড়াইল জেলা মতুয়া মহাসংঘের সভাপতি পরীক্ষিত শিকদার, নড়াইল জেলা মতুয়া মিশনের সাবেক সভাপতি বলদেব বিশ্বাস, রঘুনাথ কর, ননীগোপাল মন্ডল, সঞ্জয় বিশ্বাস, মনি কুমার বিশ্বাস, অচিন্ত্য মজুমদার বুদ্ধ, গণেশ বিশ্বাস, পপ্মি নন্দী, বিপ্লব বিশ্বাস, বিপুল সাহা, রাজিব পোদ্দার, বিষ্ণু কর্মকার প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। অথচ, গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ নির্মাণে বাধা প্রদান এবং প্রতীকী ছবিতে ন্যাক্কারজনক আচরণের ঘটনা নিন্দনীয়।
তারা ওই ঘটনায় জড়িতদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা কামনা করেন।