ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
‘ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাজী বাবাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির’ প্রতিবাদে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা ব্রিজমুখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার বেলা ১২টায় পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মন্দির ও উপাসনালয়ের নিরাপত্তাহীনতা এবং সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ড দেশের সম্প্রীতির জন্য হুমকি।
তারা অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
পরে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মানববন্ধনস্থলে এসে শেষ হয়।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে প্রশাসনসহ সকল মহলকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।