স্টাফ রিপোর্টার
, যশোর
"মহররম শুধু একটি সাধারণ মাসের নাম নয়; এটি সত্য ও অসত্যের সংঘর্ষের ইতিহাস, ত্যাগ ও আত্মোৎসর্গের মহাকাব্য এবং মানবতার মুক্তির জন্য রক্তে লেখা এক চিরন্তন বার্তা।"
পবিত্র মহররম মাসের তাৎপর্য এবং আশুরার গুরুত্ব বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মহান শোকের মাসকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার উদ্দেশ্যে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। আজ বুধবার (১৭ জুন) সকালে যশোর প্রেস ক্লাবের সামনে ‘আলে রাসূল পাবলিকেশন্স’-এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মহররম হচ্ছে মানবতার বন্ধু, মজলুমদের সাহায্যকারী ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.), তার অসহায় পরিবার এবং সঙ্গী-সাথীদের নির্মম ও হৃদয়বিদারক শাহাদাতের মাস। ৬১ হিজরির ১০ মহররম জান্নাতি যুবকদের সর্দার, মানবতার মুক্তির মহান দিশারি, আহলে বাইতে রাসুল (সা.) তথা পুত-পবিত্রতম মহাসত্তা, সত্যের জন্য চরম আত্মোৎসর্গকারী মহাপুরুষ ইমাম হুসাইন ইবনে আলী (আ.)-এর শাহাদাতের দিন, যা পবিত্র আশুরা হিসেবে পরিচিত।
তারা আরও বলেন, মুমিনদের আত্মপরিচয় খুঁজে পাওয়ার এবং উন্নত মনোবৃত্তির সব শিক্ষা জড়িয়ে আছে আশুরা বিপ্লবের মধ্যে। যতদিন এই মহান ইমামের অনন্য আত্মত্যাগের স্মরণে অন্তরে ভক্তি ও ভালোবাসা থাকবে এবং মনের ভেতর থাকবে তার সাহসী প্রকাশ, ততদিন এই রক্তাক্ত শাহাদাতের বাণী সমুন্নত ও চিরন্তন থাকবে এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাবে।
আলে রাসূল পাবলিকেশন্সের নিয়োজিত কর্মকর্তা শাহবাজ আহম্মেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা আবু মুসা, মাওলানা ইকবাল হোসেন, মাওলানা আলী হায়দার, মাওলানা আবির হোসেন ও আলহাজ্ব ফিরোজ খান। কর্মসূচিতে ইমামবাড়ীর সদস্যসহ সাধারণ ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।