স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার নীলগঞ্জ মহাশ্মশান মন্দির প্রাঙ্গণে ১৩তম বার্ষিক ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রীতারকব্রহ্ম মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তন উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (২৯ জুন) বিকেল ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উৎসব আয়োজক কমিটির নেতারা।
সংবাদ সম্মেলনে নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক অলক কুমার ঘোষ জানান, তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থী অংশ নেবেন। প্রতিদিন প্রায় ১৫ হাজার ভক্তের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের আবাসন, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তার বিষয়েও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি জানান, উৎসবের অন্যতম আকর্ষণ থাকবে ২৪ প্রহরব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন, অষ্টকালীন লীলাকীর্তন, ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সংগীত পরিবেশনা, সন্ধ্যা আরতি, বিশেষ পূজা-অর্চনা এবং মহাপ্রসাদ বিতরণ। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কীর্তন দল পর্যায়ক্রমে নামসংকীর্তন পরিবেশন করবে। মহানামযজ্ঞে ভক্তরা বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশ-জাতির মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেবেন।
এ ধরনের মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তন বাংলার বৈষ্ণব ধর্মীয় সংস্কৃতির একটি দীর্ঘদিনের ঐতিহ্য, যেখানে টানা নামসংকীর্তন, ভক্তি সংগীত ও প্রসাদ বিতরণ প্রধান কর্মসূচি হিসেবে পালিত হয়।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ ১৬৩ বছর ধরে এ উৎসব ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অনুষ্ঠানটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা উৎসব সফল করতে ভক্ত-অনুরাগী, স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।