সুবর্ণভূমি ডেস্ক
তরুণরা পড়াশোনা ছাড়েনি, বরং রাষ্ট্র-রাজনীতি ও বৈশ্বিক চিন্তায় যুক্ত হয়ে নিজেদের সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে নতুন বাস্তবতা তৈরি করছে। তরুণদের পড়াশুনাও রবীন্দ্রনাথদের যুগে আটকে নেই, তারা আধুনিক লেখকদের বই পড়ে সমাজ বিনির্মাণে ব্রতী হয়েছে। তাই জেন-জিকে বিচার করে খারিজ করার প্রবণতাকে প্রত্যাখ্যান করে লেখক, সাংবাদিক আনিসুল হককে ‘সরি’ বলেছেন কনটেন্ট ক্রিয়েটর জান্নাতুল ফেরদৌস নামে। তার ধারালো লেখাটি সুবর্ণভূমির পাঠকদের জন্য তুলে ধরা হলো:
[সরি, মিস্টার আনিসুল হক, আপনার কথা হয় না। আপনি অনেক আগেই খারিজি খাতায় নাম লিখিয়েছেন, এবার একটু চুপ থেকে নিজের মন-স্বাস্থ্যের দিকে নজর দিন।]
‘জেনজির ১০০ জনকে জিজ্ঞেস করেছি, রবীন্দ্রনাথের ছুটি গল্প পড়েছ? এঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
উত্তর: না।
শেষের কবিতা পড়েছ?
না।
তলস্তয়ের নাম শুনেছ?
না।
১০ জন তরুণ সাংবাদিককে জিজ্ঞেস করেছি: আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কার লেখা?
কেউ উত্তর দিতে পারেনি।
সাংবাদিকতা বিভাগের ৩০ জন শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছি, হাতে নিয়ে খবরের কাগজ গত এক মাসে কে পড়েছেন।
কেউ না।
আপনারা আশাবাদী হন। আমি আপনাদের মুখের দিকে চায়া থাকি।’
..............
জনাব আনিসুল হক, আপনি কী খুঁজতে গিয়েছিলেন, সেটা আপনার প্রশ্নগুলো দেখলেই বোঝা যায়। ছুটি পড়েছ? শেষের কবিতা পড়েছ? তলস্তয়ের নাম শুনেছ? আপনি একটা পুরোনো পাঠ্যতালিকা হাতে নিয়ে নতুন প্রজন্মের পরীক্ষা নিয়েছেন। তারপর সবাইকে ফেল করিয়ে বলছেন, আশাবাদী হন।
এবার উল্টো দিক থেকে প্রশ্ন করে দেখুন। কার্ল স্মিট সার্বভৌমত্ব বলতে কী বোঝান? তালাল আসাদ সেক্যুলারিজমকে কোন চোখে দেখেন? স্পিভাক কেন প্রশ্ন তুলেছিলেন, নিম্নবর্গ কি কথা বলতে পারে? ফরহাদ মজহারের গণসার্বভৌমত্বের ধারণাটা কী? এই প্রশ্নগুলো নিয়ে আপনার প্রজন্মের কতজন পাস করতেন, সেই জরিপ কেউ করেনি।
তরুণরা পড়া ছেড়ে দেয়নি। তারা অন্য জিনিস পড়ছে। কান্ট, হেগেল পড়ছে। রাষ্ট্র কীভাবে গড়ে ওঠে, ক্ষমতা কীভাবে টিকে থাকে, এসব নিয়ে তর্ক করছে। দুনিয়ার যেকোনো প্রান্তের চিন্তাকে নিজের মাটিতে দাঁড়িয়ে যাচাই করছে। তাদের প্রস্তুতি নতুন বাংলাদেশ গড়ার, নীতি ঠিক করার।
সাহিত্য মুখস্থ করে বসার ঘরে শোনানোর প্রস্তুতি তারা নিচ্ছে না।
তারা ঘুমপাড়ানি গানও শোনে না। গান নিজেরাই বানিয়েছে। 'কথা ক', 'আওয়াজ উডা' গাইতে গাইতে রাস্তায় নেমেছে, বুক পেতে দাঁড়িয়েছে গু/লির সামনে। রাষ্ট্রকে সরাসরি প্রশ্ন করেছে, উত্তর না পেয়ে একটা গণঅভ্যুত্থান ঘটিয়ে ফেলেছে।
আরেকটা কথা। তরুণ সাংবাদিকদের মাপার জন্য আপনি যে লাইনটা বেছে নিয়েছিলেন, সেটা রবীন্দ্রনাথের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতার। কবিতাটা ঘুম ভাঙার। পাথরের কারাগার ভেঙে ঝরনা বেরিয়ে আসার। ওই কবিতাতেই আছে, ‘ভাঙ্ ভাঙ্ ভাঙ্ কারা, আঘাতে আঘাত কর্।’ এই তরুণদের হয়তো লাইনটা মুখস্থ নেই। কিন্তু জুলাইয়ে কারা ভাঙার কাজটা তারাই করেছে। কবিতা মুখস্থ বলার চেয়ে কবিতাটা নিজের জীবনে ঘটিয়ে দেখানো অনেক বেশি কঠিন।
রবীন্দ্রনাথ আমাদের শত্রু নন। আপত্তি সেই মাপকাঠি নিয়ে, যেটা দিয়ে একটা পুরো প্রজন্মকে খারিজ করে দেওয়া হচ্ছে।
এই তরুণরা একাও নয়। নাইরোবি থেকে ঢাকা, ঢাকা থেকে কাঠমান্ডু, জাকার্তা, আন্তানানারিভো, রাবাত। দুনিয়াজুড়ে জেনজি রাস্তায় নেমেছে, ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের তরুণরা এখন সেই বিশ্বজোড়া বিদ্রোহের অংশীদার। প্রথম আলো অফিসে বসে এই ঢেউ টের পাওয়ার কথা না। ওখানে তো এখনো বাজছে ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’। আপনার প্রিয় আপার জন্য শোকবার্তা বাজছে!
আপনি বলেছেন আমাদের মুখের দিকে চেয়ে থাকেন। চেয়ে থাকেন ঠিকই, শুধু দেখতে পান না। এই মুখগুলোকে ইতিহাস কিন্তু চিনে রেখেছে।
সরি, মিস্টার আনিসুল হক, আপনার কথা হয় না। আপনি অনেক আগেই খারিজি খাতায় নাম লিখিয়েছেন, এবার একটু চুপ থেকে নিজের মন-স্বাস্থ্যের দিকে নজর দিন। আমাদের মানে তরুণদের নিয়ে আপনি আপাতত ভাইবেন না...।