অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে আট দলের অংশগ্রহণে ‘অভয়নগর প্রিমিয়ার লিগ’ (এপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হয়েছে। প্রতিযোগিতার প্রথম দিনে জয় পেয়েছে নওয়াপাড়া ওয়ারিয়র্স ও নওয়াপাড়া থ্রি স্টার।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হয় নওয়াপাড়া ওয়ারিয়র্স ও মুসলিম জুয়েলার্স। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে নওয়াপাড়া ওয়ারিয়র্স। জবাবে ২০ ওভারে ১২৬ রানে অলআউট হয় মুসলিম জুয়েলার্স। ৩১ রানের জয়ে নওয়াপাড়া ওয়ারিয়র্সের রাজু লস্কর ২৭ বলে ৫১ রান ও ৩টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।
একই মাঠে দুপুরের দ্বিতীয় ম্যাচে এ আর নাইট রাইডার্সকে ৭ উইকেটে পরাজিত করে নওয়াপাড়া থ্রি স্টার। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৭ ওভারে ১৪৫ রানে অলআউট হয় এ আর নাইট রাইডার্স। জবাবে নওয়াপাড়া থ্রি স্টার ১৪ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে ১৫০ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ৬৭ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন রবি।
আয়োজক কমিটি জানিয়েছে, রবিবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে এবিডি স্পোর্টসের মুখোমুখি হবে আইকন অ্যাকাডেমি। একই মাঠে দুপুর ২টায় দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে অভয়নগর ফুটবল অ্যাকাডেমি ও ধোপাদী কিংস।