যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে 'আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬'। ফাইনালে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘নিয়মিত অ্যাকাডেমিক চাপের মধ্যে খেলাধুলা শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের বিকাশ ঘটায়। এটি পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করে।’
টুর্নামেন্ট শেষে শিক্ষার্থীদের আবার মূল অ্যাকাডেমিক পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, ‘এ ধরনের আয়োজন সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণ করে প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের প্রস্তুত করতে এবং পরবর্তীতে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে সাহায্য করবে।’
ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আগে আন্তঃহল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ এর চ্যাম্পিয়ন তাপসী রাবেয়া হল ও রানার-আপ বীর প্রতীক তারামন বিবি হলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া জাতীয় ব্যাডমিন্টন (নারী) প্রতিযোগিতায় এককভাবে চ্যাম্পিয়ন হওয়ায় যবিপ্রবির শিক্ষার্থী লিকা পদ্দার এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (নারী) প্রতিযোগিতায় রানার-আপ হওয়ায় যবিপ্রবি নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, পিইএসএস বিভাগের অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, মো. আব্দুল ওয়াহেদ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম ও মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।