সুবর্ণভূমি ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে খেলা এই ডানহাতি পেসার আজ বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিদায়ের ঘোষণা দেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন রুবেল।
অবসরের ঘোষণা দিয়ে রুবেল বলেন, জাতীয় দলের জার্সিতে খেলা ছিল তার সবচেয়ে বড় আবেগের জায়গা। তবে একসময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর বাস্তবতা মেনে নেওয়াই ছিল স্বাভাবিক সিদ্ধান্ত। সেই ভাবনা থেকেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। পাশাপাশি পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভক্তদের উদ্দেশে রুবেল বলেন, আগামীতেও তাদের ভালোবাসা ও সমর্থন তার পাশে থাকবে—এটাই তার বিশ্বাস।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করে রুবেল হোসেন খেলেছেন ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ। জাতীয় দলের হয়ে বহু গুরুত্বপূর্ণ মুহূর্তে বল হাতে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ইয়র্কারে ম্যাচ জেতানোর মুহূর্ত এখনো জ্বলজ্বলে।