সুবর্ণভূমি ডেস্ক
এবারের বিশ্বকাপে উজবেকিস্তান ও কলম্বিয়ার মধ্যকার মাচটি ছিল ৪৭ ও ৪৮তম দল হিসেবে তাদের প্রথম ম্যাচ। অর্থাৎ ৪৮টি দলের সবাই একটি করে ম্যাচ খেলে ফেলেছে।
চারটি করে দল নিয়ে গঠিত এক একটি গ্রুপের প্রতিটি দলেই এখনো এই পর্বে দুটি করে ম্যাচ বাকি।
প্রথম রাউন্ডের খেলায় কোন কোন দল জয়লাভ করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে থেকে গ্রুপের পরের ম্যাচ খেলতে নামবে। এক্ষেত্রে যেসব গ্রুপে একটিমাত্র দল জয়ী হয়েছে তারা সেরা ৩২ এ পৌঁছানোর দৌড়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে।
এখন দেখে নেওয়া যাক, সব দলের প্রথম ম্যাচ শেষে প্রতিটি গ্রুপের শীর্ষে কারা, দ্বিতীয় স্থানে কারা।
‘এ’ গ্রুপ
উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে এই গ্রুপে শীর্ষে স্বাগতিক মেক্সিকো। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার পয়েন্টও ৩, তারা চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে ২-১ গোলে।
‘বি’ গ্রুপ
এই গ্রুপের প্রথম দুটি ম্যাচই ১-১ ড্র হয়েছে। সুইজারল্যান্ড ও কাতার এবং কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা—চারটি দলই একটি করে গোলে ১ পয়েন্ট করে পেয়েছে। তবে ফেয়ার প্লের নিয়মে শীর্ষে সুইজারল্যান্ড, দুইয়ে কানাডা।
‘সি’ গ্রুপ
স্কটল্যান্ড তাদের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে আছে। মরক্কো ও ব্রাজিল নিজেদের ম্যাচটি ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। ফেয়ার প্লেতে দ্বিতীয় স্থানে মরক্কো। ব্রাজিল তিনে।
‘ডি’ গ্রুপ
যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে। অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ২-০ গোলে জিতেছে তুরস্কের বিপক্ষে। শীর্ষে তাই যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।
‘ই’ গ্রুপ
এই গ্রুপের শীর্ষে কুরাসাওকে ৭-১ গোলে হারানো জার্মানি। দুইয়ে থাকা আইভরিকোস্টও ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে।
‘এফ’ গ্রুপ
তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে সুইডেন শীর্ষে। জাপান ও নেদারল্যান্ডস ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। তবে ফেয়ার প্লেতে এগিয়ে জাপান গ্রুপে দ্বিতীয়।
‘জি’ গ্রুপ
এই গ্রুপের দুটি ম্যাচই ২-২ গোলে ড্র হয়েছে। নিউজিল্যান্ড, ইরান, বেলজিয়াম ও মিসর-সব দলই প্রথম ম্যাচ শেষে ১ পয়েন্ট করে পেয়েছে। তবে ফেয়ার প্লেতে শীর্ষে নিউজিল্যান্ড, ইরান দ্বিতীয়।
‘এইচ’ গ্রুপ
স্পেন থাকা গ্রুপটিতে এই মুহূর্তে শীর্ষে উরুগুয়ে, দুইয়ে সৌদি আরব। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন গোল শূন্য ড্র করেছে কেপ ভার্দের সঙ্গে। উরুগুয়ে-সৌদি আরব ম্যাচও ড্র হয়েছে, তবে ১-১ হওয়ায় তারাই শীর্ষ দুটি স্থানে।
‘আই’ গ্রুপ
নরওয়ে প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়ে ভালো সূচনা করেছে। ফ্রান্সও সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট পেয়েছে। গোলে এগিয়ে নরওয়ে শীর্ষে, ফ্রান্স দ্বিতীয়।
‘জে’ গ্রুপ
আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রিয়া, তারা জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে।
‘কে’ গ্রুপ
শীর্ষে আছে কলম্বিয়া। তারা উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে। ডিআর কঙ্গো ও পর্তুগাল ১-১ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। তবে দুইয়ে ফেয়ার প্লেতে এগিয়ে ডিআর কঙ্গো দ্বিতীয়।
‘এল’ গ্রুপ
ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে। গ্রুপের অন্য ম্যাচে ঘানা ১-০ গোলে হারিয়েছে পানামাকে। শীর্ষে ইংল্যান্ড, দুইয়ে ঘানা।