বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে শুক্রবার ভ্যাঙ্কুভারে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড ও আলজেরিয়া। দারুণ শুরুর পরও ম্যাচের ১১ মিনিটেই গোল হজম করে আলজেরিয়া।
সুইজারল্যান্ডের হয়ে গোল করেন ব্রিল এমবোলো।
এরপর টানা আক্রমণে সুইজারল্যান্ডকে ব্যস্ত রাখতে সক্ষম হলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি আলজেরিয়া।
তাই প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইজারল্যান্ড।
বিরতির পর দ্বিতীয় গোলের দেখা পায় সুইজারল্যান্ড।
এবার গোল করেন ড্যান এনদোয়ে। ৪৬ মিনিটে দারুণ এক শটে গোল করেন তিনি।
পুরো ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ পায় আলজেরিয়া। কিন্তু, সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি।
বি-গ্রুপের শীর্ষ দল হিসাবে সাত পয়েন্ট নিয়ে নকআউটে উঠেছিল সুইজারল্যান্ড। স্বাগতিক কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপপর্ব শেষ করে মুরাত ইয়াকিনের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ নয় ম্যাচে হার নেই তাদের।
সবশেষ ১০ প্রতিযোগিতামূলক ম্যাচে একটিমাত্র হার স্পেনের বিপক্ষে। আর শেষ ১৪ ম্যাচের মধ্যে মাত্র একবারই একাধিক গোল হজম করেছে সুইসরা।
অন্যদিকে, জে-গ্রুপে শেষ ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে গোল ব্যবধানে নকআউট নিশ্চিত করে আলজেরিয়া। ভ্লাদিমির পেতকোভিচের দলের শেষ সাত ম্যাচে একমাত্র হার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।
দুই দলের আগের দুটি দেখাতেই জয় পেয়েছে সুইজারল্যান্ড।
এই ম্যাচের জয়ী দল সুইজারল্যান্ড পরবর্তীতে খেলবে ঘানা অথবা কলম্বিয়ার বিপক্ষে।