যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফুটবলপ্রেমীদের নিরাপত্তায় প্রতিরাতেই পুলিশ সুপারের সরেজমিন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৯:৪৭ পিএম
আপডেট : সোমবার, ৬ জুলাই,২০২৬, ১০:৩৮ পিএম
ফুটবলপ্রেমীদের নিরাপত্তায় প্রতিরাতেই পুলিশ সুপারের সরেজমিন

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যশোরজুড়ে চলছে উৎসবের আমেজ। শহর ও জেলার বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করতে প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত ভিড় করছেন হাজার হাজার ফুটবলপ্রেমী।

আর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি রাতেই নিজে গাড়ি চালিয়ে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজনগুলো পরিদর্শন করছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

তিনি দর্শকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পুলিশ টিম মোতায়েন করা হয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দর্শকরা নিরাপদ পরিবেশে খেলা উপভোগ করতে পারেন।

এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে যশোর শহরের আরএন রোডের নতুন বাজার-সংলগ্ন স্থানে রিপন অটোস প্রাইভেট লি. এর উদ্যোগে বিশাল এলইডি ডিসপ্লেতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচ দেখার আয়োজনস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। ভোর চারটা থেকেই সেখানে হাজার হাজার ফুটবলপ্রেমীর উপস্থিতি ছিল।

খেলা শুরুর একপর্যায়ে পুলিশ সুপার নিজেই গাড়ি চালিয়ে সেখানে পৌঁছালে দর্শকদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়। তিনি কিছু সময় দর্শকদের সঙ্গে বসে খেলা উপভোগ করেন এবং আয়োজক রিপন অটোস প্রাইভেট লি. এর চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

রিপন অটোস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপু বলেন, ‘বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাধারণ মানুষের জন্য বড় এলইডি ডিসপ্লেতে খেলা দেখার এই আয়োজন করেছি, যাতে সবাই একসঙ্গে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে পারেন। শুরু থেকেই দর্শকদের নিরাপত্তা আমাদের প্রধান বিবেচ্য বিষয় ছিল। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রতি রাতেই বিভিন্ন স্থানে গিয়ে নিজে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন এবং আমাদের আয়োজনেও এসে খোঁজখবর নিয়েছেন।’

তিনি বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা বাহিনী প্রধানের এমন আন্তরিকতা ও দায়িত্বশীলতা সত্যিই প্রশংসনীয়। জেলা পুলিশের সহযোগিতায় দর্শকরা নিশ্চিন্তে খেলা উপভোগ করছেন। আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করবো।’

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রতিদিন রাতেই বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক মানুষ একত্রিত হচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি নিজেও নিয়মিত বিভিন্ন স্থানে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছি। আমরা চাই সবাই আনন্দের সঙ্গে, নিরাপদ পরিবেশে খেলা উপভোগ করুন।’

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। কোনো সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে হবে। জনগণের সহযোগিতা থাকলে নিরাপদ পরিবেশ বজায় রাখা আরও সহজ হবে।

শুধু নতুন বাজার নয়, তিনি প্রতিদিনই শহরের দড়াটানা, কাঁঠালতলা, পালবাড়ি, এমএম কলেজসহ বড় পর্দায় খেলা দেখানোর বিভিন্ন স্থান পরিদর্শন করছেন। প্রতিটি স্থানে তিনি দর্শকদের সঙ্গে কথা বলছেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিচ্ছেন।

মাঠে শুধু তরুণরাই নন, বিপুলসংখ্যক তরুণীও দলবদ্ধভাবে খেলা উপভোগ করতে দেখা গেছে। বন্ধু-বান্ধবী ও পরিবারের সদস্যদের সঙ্গে গভীর রাত পর্যন্ত বড় পর্দার সামনে অবস্থান করে তারা প্রিয় দলের খেলা উপভোগ করেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় নারী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেকেই বলেন, জেলা পুলিশের তৎপরতা ও পুলিশ সুপারের নিয়মিত পরিদর্শনের কারণে তারা নির্ভয়ে মাঠে এসে খেলা দেখতে পারছেন। উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে এক মিলনমেলায় পরিণত করেছে।

খেলা দেখতে আসা তরুণী রাজিয়া সুলতানা বলেন, `গভীর রাতে পরিবারের সদস্য ও বান্ধবীদেরকে নিয়ে নিশ্চিন্তে খেলা দেখতে পারছি। পুলিশ সুপার নিজে মাঠে এসে নিরাপত্তার খোঁজখবর নেওয়ায় আমাদের আস্থা আরও বেড়েছে।'

খেলাপ্রেমিক শিমুল হোসেন বলেন, প্রতিদিনই পুলিশ সুপার বিভিন্ন স্থানে যাচ্ছেন। একজন জেলার পুলিশ প্রধানের এমন আন্তরিকতা খুব কমই দেখা যায়। এতে দর্শকদের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়েছে এবং সবাই স্বস্তিতে খেলা উপভোগ করছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)