সম্পাদকীয়
সুন্দরবনের কাঁকড়া উপকূলীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সম্পদ। জেলে, আড়তদার, ব্যবসায়ী ও হ্যাচারি মালিক—অনেক মানুষের জীবিকা এই সম্পদের সঙ্গে যুক্ত। দেশের বাজারের পাশাপাশি বিদেশেও সুন্দরবনের কাঁকড়ার চাহিদা রয়েছে। ফলে কাঁকড়া আহরণ ও ব্যবসা উপকূলীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ আয়ের উৎস। কিন্তু সাম্প্রতিক সময়ে ছোট কাঁকড়ার প্রতি হ্যাচারিগুলোর বাড়তি চাহিদা এবং তুলনামূলক বেশি দামের কারণে যে প্রবণতা তৈরি হয়েছে, তা সুন্দরবনের কাঁকড়া সম্পদের ভবিষ্যৎ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করছে।
সুবর্ণভূমিতে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে, শ্যামনগর ও সুন্দরবনসংলগ্ন এলাকায় প্রতিদিন বিপুল পরিমাণ ছোট কাঁকড়া কেনাবেচা হচ্ছে। স্থানীয়দের হিসাবে প্রতিদিন প্রায় ৪৫০ থেকে ৫০০ কেজি ছোট কাঁকড়া বাজার ও হ্যাচারিতে যাচ্ছে। ৪০ থেকে ৮০ গ্রাম ওজনের কাঁকড়া প্রায় এক হাজার টাকা এবং ৮০ থেকে ১২০ গ্রাম ওজনের কাঁকড়া প্রায় এক হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হওয়ার তথ্যও এসেছে। অর্থাৎ ছোট কাঁকড়া এখন জেলেদের কাছে শুধু সহজলভ্য সম্পদ নয়, বরং বেশি আয়ের একটি আকর্ষণীয় উৎস।
অন্যদিকে সফটশেল কাঁকড়া উৎপাদনকারী হ্যাচারিগুলোর কাছে ছোট কাঁকড়ার সরাসরি বাণিজ্যিক চাহিদা তৈরি হয়েছে। হ্যাচারি মালিকদের বক্তব্য অনুযায়ী, ছোট কাঁকড়া দ্রুত খোলস বদলায় এবং সফটশেল উৎপাদনে তা তুলনামূলক বেশি উপযোগী। ফলে জেলে ও হ্যাচারি মালিক—দুই পক্ষের আর্থিক স্বার্থই ছোট কাঁকড়া আহরণ ও কেনাবেচাকে উৎসাহিত করছে।
এখানেই মূল সমস্যাটি। বন বিভাগের অনুমতিপত্রে ২০০ গ্রামের কম ওজনের পুরুষ কাঁকড়া এবং ১৩০ গ্রামের কম ওজনের নারী কাঁকড়া আহরণ না করার শর্ত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অথচ ৪০ থেকে ১২০ গ্রাম ওজনের কাঁকড়াও নিয়মিত আহরণ ও বিক্রি হচ্ছে। নিষেধাজ্ঞা বা শর্ত যদি কাগজে থাকে, কিন্তু বাজারে তার প্রকাশ্য লঙ্ঘন ঘটে, তাহলে প্রশ্ন উঠবেই—নিয়ন্ত্রণব্যবস্থা কি কার্যকর? না হলে কেন?
এ ক্ষেত্রে শুধু জেলেদের দায়ী করে সমস্যার সমাধান হবে না। জীবিকার তাগিদে জেলে বেশি দামের কাঁকড়া ধরছেন; কিন্তু সেই কাঁকড়া যদি হ্যাচারি ও বাজারে সহজেই বিক্রি করা যায়, তাহলে সরবরাহ ব্যবস্থার অন্য অংশও জবাবদিহির আওতায় আসতে হবে। সুন্দরবন থেকে আহরণ, পরিবহন, স্থানীয় বাজার, আড়ত এবং হ্যাচারি—পুরো শৃঙ্খলেই নজরদারি প্রয়োজন। ছোট কাঁকড়া কিনে নেওয়া ও বাণিজ্যিকভাবে ব্যবহারকারীদের দায়িত্বও এখানে গুরুত্বপূর্ণ।
আরও বড় বিষয় হলো, কাঁকড়া কেবল অর্থনৈতিক সম্পদ নয়; সুন্দরবনের বাস্তুতন্ত্রেরও অংশ। প্রতিবেদনে গবেষকের বক্তব্য অনুযায়ী, কাঁকড়া জৈব উপাদান ভেঙে সুন্দরবনের মাটি ও পানির পুষ্টিচক্রে ভূমিকা রাখে। ফলে অতিরিক্ত ও অপরিণত কাঁকড়া আহরণ দীর্ঘমেয়াদে শুধু কাঁকড়ার মজুত নয়, সংশ্লিষ্ট পরিবেশগত ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে।
তাই এখনই প্রয়োজন বাস্তবসম্মত ও সমন্বিত ব্যবস্থাপনা। নিয়মিত নজরদারি, অবৈধ আহরণ বন্ধে অভিযান, বাজার ও হ্যাচারিতে কাঁকড়ার উৎস যাচাই এবং জেলেদের বিকল্প জীবিকার সুযোগ তৈরি—সবকিছুকে একসঙ্গে দেখতে হবে। একই সঙ্গে ছোট কাঁকড়ার চাহিদা তৈরি করছে যে সফটশেল শিল্প, তার জন্যও টেকসই কাঁকড়া সরবরাহের নীতি প্রয়োজন।
সুন্দরবনের সম্পদ থেকে মানুষের জীবিকা চলবে— এটাই স্বাভাবিক। কিন্তু সেই জীবিকা যেন সম্পদ নিঃশেষের কারণ না হয়, তা নিশ্চিত করা জরুরি। আজকের বাড়তি লাভের জন্য যদি ছোট কাঁকড়ার প্রজনন ও বেড়ে ওঠার সুযোগ নষ্ট করা হয়, তাহলে কাল জেলে, ব্যবসায়ী ও হ্যাচারি—কেউই এর সুফল পাবেন না। সুন্দরবনের কাঁকড়াকে তাই শুধু বাজারের পণ্য হিসেবে নয়, ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ হিসেবেও দেখতে হবে।