সম্পাদকীয়
একটি গণমাধ্যমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কেবল এক বছরের পথচলা উদযাপনের উপলক্ষ নয়; এটি অর্জন পর্যালোচনা, সীমাবদ্ধতা চিহ্নিত করা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণেরও গুরুত্বপূর্ণ সময়। ‘পরিবর্তনের দৈনিক’ স্লোগান ধারণ করে দৈনিক সুবর্ণভূমি প্রথম বছর অতিক্রম করেছে পাঠক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা নিয়ে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে আলোচকদের বক্তব্যে যে প্রত্যাশা উঠে এসেছে, তা সুবর্ণভূমির দ্বিতীয় বছরের পথচলার জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা। এখন প্রয়োজন সেই প্রত্যাশাকে পরিকল্পিত কর্মসূচি ও কার্যকর সাংবাদিকতায় রূপ দেওয়া।
সংবাদপত্রের সবচেয়ে বড় সম্পদ পাঠকের আস্থা। আর সেই আস্থা অর্জনের প্রধান শর্ত বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাদারত্ব। যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সত্যকে সত্য এবং অসংগতিকে অসংগতি হিসেবে তুলে ধরার যে আহ্বান জানিয়েছেন, তা সুবর্ণভূমির সম্পাদকীয় নীতির অন্যতম ভিত্তি। রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান কিংবা প্রভাবশালী মহলের চাপ সংবাদ নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না। তথ্য যাচাই, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ, ভুল হলে দ্রুত সংশোধন এবং সংবাদ ও মতামতের মধ্যে স্পষ্ট পার্থক্য বজায় রাখার মাধ্যমে পাঠকের বিশ্বাস আরও সুদৃঢ় করতে পদক্ষেপ নেবে সুবর্ণভূমি।
কেবল ঘটনা জানানো নয়, ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান এবং জনস্বার্থে তার প্রভাব তুলে ধরাও গণমাধ্যমের কাজ। আমরা যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাগরিক সমস্যা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, দ্রব্যমূল্য, পরিবেশ, আইনশৃঙ্খলা, স্থানীয় উন্নয়ন প্রভৃতি নিয়ে নিয়মিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করি। অনিয়ম ও দুর্নীতির খবর যেমন গুরুত্ব পায়, তেমনি মানুষের সাফল্য, সৃজনশীলতা ও ইতিবাচক উদ্যোগও উঠে আসে। এই ধারা ভবিষ্যতে আরও বেগবান করার চেষ্টা থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলামের প্রত্যাশা অনুযায়ী মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক প্রতিবেদনও সুবর্ণভূমির নিয়মিত কাজেরই অংশ আছে, ভবিষ্যতেও থাকবে।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম পাঠাভ্যাস গড়ে তোলা, ভাষা-সাহিত্যের বিকাশ এবং দক্ষ সাংবাদিক তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন। এ প্রত্যাশা পূরণে প্রতিষ্ঠার পর থেকেই মিডিয়া আউটলেটটি তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তরুণদের লেখা প্রকাশ, তাদের নিয়ে শো আয়োজনও তারই অংশ। একই সঙ্গে নবীন সাংবাদিকদের জন্য সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, প্রতিবেদন লেখা, ডিজিটাল সাংবাদিকতা ও পেশাগত নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন বলে আমরা অনুধাবন করি। দ্রুতই আমরা এই পথে এগোতে পারবো বলে আশা রাখি।
ডিজিটাল যুগে পাঠকের কাছে দ্রুত পৌঁছানোও জরুরি। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন অনলাইন ও মাল্টিমিডিয়া কার্যক্রম জোরদারের যে পরামর্শ দিয়েছেন, তা বাস্তবায়নে সুবর্ণভূমির ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও প্রতিবেদন ও তথ্যভিত্তিক ব্যাখ্যামূলক কনটেন্টকে আরও কার্যকর করার চেষ্টা অব্যাহত থাকবে। তবে দ্রুততার প্রতিযোগিতায় আমরা অনির্ভরযোগ্য খবর জ্ঞানত কখনই প্রকাশ বা প্রচার করবো না। ডিজিটাল পরিসর সম্প্রসারণের পাশাপাশি সংবাদপত্রের নিজস্ব পরিচিতি ও মান বজায় রাখাও হবে আমাদের দ্বিতীয় বর্ষের অন্যতম চ্যালেঞ্জ।
এসব উদ্যোগ সফল করতে সংবাদকর্মীদের পেশাগত মর্যাদা ও আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি। সাংবাদিক ইউনিয়নের নেতা আকরামুজ্জামানের বক্তব্য স্মরণে রেখে নিয়মিত বেতন-ভাতা, নিরাপদ কর্মপরিবেশ এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগকে প্রতিষ্ঠান অগ্রাধিকার দেবে। আমরা এটুকু বুঝি, সাংবাদিকের স্বাধীনতা ও নিরাপত্তা ক্ষুণ্ন হলে মানসম্মত সাংবাদিকতাও বাধাগ্রস্ত হয়।
প্রকাশক ও সম্পাদক এজাজ উদ্দিন টিপু সুবর্ণভূমিকে স্বপ্ন, আবেগ ও দায়বদ্ধতার নাম বলেছেন। আমরা সেই দায়বদ্ধতার বাস্তব প্রতিফলন ঘটাতে চাই প্রতিটি সংবাদে, প্রতিটি জনস্বার্থমূলক উদ্যোগে। পাঠকের মতামত গ্রহণ, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং নিয়মিত আত্মমূল্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজের জবাবদিহিও নিশ্চিত করবে।
দ্বিতীয় বছরে সুবর্ণভূমি শুধু প্রকাশনা অব্যাহত রাখা নয়, বরং নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে মানুষের আস্থা যাতে আরও দৃঢ় হয়, সেদিকে দৃষ্টি রাখবে। ক্ষমতার কাছে নয়, সত্যের কাছে দায়বদ্ধ থেকে মানুষের কথা বলা, অসংগতির প্রতিবাদ করা এবং ইতিবাচক পরিবর্তনের পথ দেখানোর নীতি থেকে আমরা সরবো না। সুবর্ণভূমি তার প্রতিদিনের কর্মকাণ্ডের মাধ্যমে এসব অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট থাকবে।