যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারী ও জননীর যন্ত্রণা

(শেষ কিস্তি)

মো. মিজানুর রহমান

প্রকাশ : রবিবার, ২৯ নভেম্বর,২০২৬, ০১:০০ পিএম
নারী ও জননীর যন্ত্রণা

সকল নারীই তার পরিবারের পুরুষ সদস্যকে অধিক ভালোবাসেন। ভালোবাসতে পারেন না ওই পুরুষের অর্ধাঙ্গিনীকে। আবার ওই অর্ধাঙ্গিনীও তাই। পুরুষের সব পছন্দ করেন শুধু তার পরিবারের নারী সদস্যের বাড়াবাড়িটাই নিতে পারেন না। নারী ও জননীর জীবনযন্ত্রণার মূল কারণই তারই পাশের নারী-

১) শ্বাশুড়ি তার নিজের মেয়েকে রাজকন্যা ভাবলেও ছেলের বউকে দাসী হিসেবে পেতে চান অথবা কালনাগিনীরূপে দেখেন; যে তার নাগিন সুরে তার ছেলেকে মোহবিষ্ট করে রাখে।

২) পুত্রবধূ নিজের মাকে মা মনে করলেও স্বামীকে এতিম ভাবতে পছন্দ করেন। অর্থাৎ স্বামীর জন্ম যেন স্বামী হয়েই শুরু। তারও যে মা-বোন থাকতে পারেন, সেটা স্ত্রীরা মানতেই চান না, অথবা মানিয়ে নেওয়ার তীব্র যন্ত্রণাতে ভোগেন।

৩) প্রতিটি ননদ মনে করেন বাড়িতে ভাবি আসায় তারা তাদের আদরের ভাইয়ের ভালোবাসা হতে বঞ্চিত হয়েছেন। বঞ্চনার মূল কারণই ভাবি। যে ননদ শ্বাশুড়ির ওপর রাগ করে বাড়ি এসে থাকেন, তিনিও ভাবিকে জ্ঞান দিতে থাকেন—সংসারে ধৈর্যই মূল। অপরদিকে মাকে বুঝাতে থাকেন, ‘তোমার বউমার মতো এতো অহংকার নিয়ে বউ হওয়া যায় না।’

৪) জায়েরা পরস্পরের প্রতিযোগী ভেবে কেউ কারো ভালো গুণ তুলে ধরতে পারেন না। যারা পারেন, তারা তিনটি ভালো গুণ বলে চতুর্থটিতে এসে প্রথম তিনটির মান শূন্য করে দেন। বিশেষ করে কার বাপের কী অবস্থা সেটা দেখিয়ে পরস্পর কিছুদিন নাক উঁচিয়ে থাকেন। তারপর যখন আবিস্কার করেন তারা উভয়ই এক বাড়িতে বঞ্চিত তখন হন একত্রিত।

৫) মেয়েদের ধারণা মেয়ের মা-ই তার প্রকৃত ভালো চান এবং এই ভাবনার শতভাগ মিথ্যে বলা কোনোমতেই উচিত হবে না। সত্যিই মেয়ের মায়েরা তাদের মেয়ের ভালো চান এবং সেক্ষেত্রে শুধুই মেয়ের ভালো চান। যতটা ভালো চান অতোটা ভালো তিনি তার মেয়েকে নিজের সংসারেও রাখতে পারেননি হয়তো। মা হয়ে মেয়ের বিপদ কখন ডেকে আনেন, মায়েরা জানেনও না। প্রতিটি মায়ের জীবনে দুঃখ তার স্বামী এবং শাশুড়ি। তাই নিজের মেয়েরও স্বামী-শাশুড়ির কষ্টকে লাঘব করে দিতে চান। অথবা মেয়ের যতটা সুখ প্রাপ্য ততটা তিনি পাচ্ছেন না ভেবে বিচলিত হয়ে পড়েন। মায়ের ইতিবাচক ভাবনায় মেয়ে অস্থির হয়ে অধিকার আদায়ে স্বামীর সাথে দ্বন্দ্বে লিপ্ত হন।

৬) একই কথা, যদি শাশুড়ি-ননদ বলে তা স্ত্রীদের কাছে খোঁচা মনে হয়, অপমানজনক মনে হয়, আর যদি মা-বোন বলেন তাহলে বিশেষ পরামর্শ হিসেবে মেনে নেন।

৭) স্ত্রীর বড় বোন হয়তো তার জীবনে ঘটে যাওয়া ঘাটতি বোনকে দিয়ে শুধরে নেন। তার কপালে কী কারণে স্বামীর সুখ হলো না তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ করে ছোট বোনের সংসারে সুখ এনে দেন। ছোট বোন হলে তিনি বোনের স্পাই হয়ে কাজ করেন। কোথায় কী অঘটন ঘটতে পারে ননদের মতোই তিনিও আগেই জেনে যান এবং তা দৌড়ে মা-বোনের কর্ণকুহরে প্রবেশ না করা পর্যন্ত পাতলা ডাল পর্যন্ত গিলতে পারেন না।

৮) এবার আসি চাচি-মামিশাশুড়িদের বিষয়ে। তাদের ভূমিকা পুত্রবধূদের জীবনে খুব সামান্য হলেও শাশুড়িদের জীবনে কম না। পুত্রবধূকে বলেন, ‘তোমার সাথে এটা অবিচার’ আর শাশুড়িকে বলেন, ‘বুবু, আপনার প্রতি বউমার এটা অবিচার।’ মূল কথা তারা অবিচার নিয়ে বিচারে বসে বউ-শাশুড়ির যুদ্ধ দেখে মজা পান।

৯) স্ত্রীদের মামি-চাচিরা যথেষ্ট ভালো হন। তারা মেয়ের ভাগ্য নিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং আর কী কী উপায়ে চললে স্বামীকে আরও আধুনিক পদ্ধতিতে এগিয়ে আনা যায় তার দীক্ষা দেন অথবা বলেন, ‘আহারে মা, জামাই একটা পেয়েছিস! আর যাই হোক তোর মামা-চাচাদের মতো না। তবে তোর ঘরে একটাই সমস্যা ননদটা/জাটা।’

১০) থাকলো সখীরা। তারা প্রত্যেকেই নিজ স্বামীতে তুষ্ট হলেও যার যেটুকু বেশি উজ্জ্বল অন্যের জীবনে যেন সেটুকুই অন্ধকার। সখীরা নিজেরা আলাপে বসলে ভুলে যান যে, তারাও আরেকজনের ননদ, মামি, চাচি। তারা নিজেরা যে নিজেদেরকে ধুয়ে দিচ্ছেন বুঝতেই পারেন না।

মা-বোনের ভালোবাসা থেকে বেরিয়ে প্রেয়সীর টানে যেদিন ছেলে বিড়ির নেশা ছেড়ে দেন সেদিনও খেয়াল করেন না যে, সে কী নেশা ছেড়ে কী ধরেছেন। নারীতে পুরুষ নদী খুঁজে পায়। প্রতিটি নারীই তার প্রেমিকের কাছে উত্তাল নদীর মতো এক অবাধ স্বাধীনতা। পুরুষ পাল তুলে গন্তব্য স্থির করে ফেলেন। প্রেমে মশগুল হয়ে প্রেয়সীকে স্ত্রীরূপে বাড়ি এনে দেখেন, ‘পুরুষ বলদ বনগেয়া’। তিনি আবিষ্কার করেন, বাড়ির প্রত্যেকেই ভালো। ভালো না শুধু বাড়ির দুইজন। ছেলে আর ছেলের বাপ। পুরুষ বরাবরই খারাপ। তাদের ফোন খারাপ, চার্জার খারাপ, হেড ফোনের এক পাশ খারাপ, চরিত্র খারাপ, চেহারাটা শুরুতেই খারাপ। তবুও পুরুষ নারীদের ভালো রাখতে চেষ্টা করেন। মা, বোন, বউসহ সকল নারীকুলকে। এমনকি বাসে দাঁড়িয়ে থাকা সহযাত্রীকেও। শুধু নারীকুলই বিষয়টি বিশ্বাস করতে চান না।

একই নারী স্বামীকে গালি দিচ্ছেন মা-বাবা-বোনকে বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য। অপরদিকে ভাইকে গালি দিচ্ছেন মা-বাবা-বোন বাদ দিয়ে বউ নিয়ে পড়ে থাকার জন্য। নিজেই অধিকার ছেড়ে দিলে হয়। স্বামীর ওপর অতোটা অধিকার না দেখালেন অথবা ভাইয়ের ওপর খবরদারি না করলেন। একই নারীর বহু চরিত্রে চলে যেতে হয়। প্রতিটি চরিত্রের মেয়াদও আছে। ২৫-৩০ বছর পর্যন্ত মেয়ে, তারপর স্ত্রী, ভাবি, মা, চাচি, মামি, খালা, ফুফু এবং খালা-ফুফু, মামি-চাচিশাশুড়ির পরে নিজেকেই শাশুড়ির চরিত্রে পাওয়া যায়। নারী যে নদী তা তার চরিত্রই বলে দেয়। প্রতি বয়সে বাঁক আছে। প্রতি বয়সেই সংসারে স্রোত তোলার মতো পার্ট আছে।

পুরুষ যতটা স্যাক্রিফাইস করতে পারেন, নারীরা অতটা পারেন না। মেয়েরা মায়েদের সাথে থেকে, মায়েদের বঞ্চনা দেখে, মায়ের প্রতি তার বাবা-দাদির অবিচারের গল্প শুনে তারাও নিজেদেরকে আজন্ম বঞ্চিত মনে করেন এবং আজীবন অধিকার এবং স্বাধীনতা খুঁজে ফেরেন। প্রতিটি চরিত্রে তারা শুধু অধিকার ফিরে পেতে ব্যস্ত, যার অধিকাংশই আবার সংসারের অন্য নারী চরিত্রের হাতে কুক্ষিগত হয়ে থাকে। তারা ভেবে দেখেন না—

ছেলের বৌকে মেয়ে না হোক পরিবারের অন্যান্য সদস্যদের মতো সদস্য ভাবলে ক্ষতি কী? নিজে শাশুড়িকে একটু বেশি সম্মান দিলে কী হবে! ভাবীকে একটু প্রায়োরিটি দিলে কী ক্ষতি! ননদটাকে একটু নিজের বোন মনে করলে কী লস! দেবরটাকে ভাইয়ের মতো যত্ন নিলে কীসে ক্ষতি! ছেলেরা সবার কথা ভাবতে এগিয়ে আসেন। মেয়েরা লেজটা না টানলেই হয়। মূল কথা নারীরা নিজেরাই নিজেদের শত্রু এবং চরম শত্রু। প্রত্যেক পুরুষ যেমন মা-বোন নিয়ে চলেন, প্রতিটি নারীর জীবনেই বাপ-ভাই থাকে। প্রতিটি পরিবারে নারীদের সমান অধিকার থাকাটাই স্বাভাবিক এবং অধিকার প্রাপ্তির পর নারীরা পুরুষের ন্যায় সমাজ-সংসারে দায়িত্ব কাঁধে নিতেও চান। তবে সেই সমাজ সংসার পুরুষের সমাজ সংসারের মতো বিস্তৃত হতে পারে না। সেখানে শর্ত আছে অনেক। তিনি যাই করুন, নিজেকে প্রশ্ন করবেন যে, তিনি কেন করবেন? কার জন্য করবেন? কতটা করবেন? করলে আদৌও লাভ আছে কি?

আমাদের মায়েরা যেমন শুধু আমাদের নিয়েই ভেবেছেন, আমাদের স্ত্রীরাও শুধু তার সন্তান নিয়েই ভাবেন। বড় পরিসরে তারা কিছু ভাবতে পারেন না। যারা বড় পরিসরে ভাবেন তাদের অধিকাংশের সংসার থাকে না। নারীদের যত বড় স্যাক্রিফাইস তার প্রথম ২০% স্বামীর জন্য, বাকি ৮০% সন্তানের জন্য। অর্থাৎ সন্তান এবং স্বামীর অতিরিক্ত কোথাও তারা স্যাক্রিফাইস করতে পারেন না। বিশেষ করে নারীরা নারীদের জন্য বিন্দুমাত্র স্যাক্রিফাইস করেন না এবং তার পুরুষও যদি কোনো নারীর জন্য স্যাক্রিফাইস করেন তো তাকে আটকে দেন। নিজেদের পথ নিজেরাই রোধ করেন। নারী সংসারনদী শাসনের নামে নিজেকেই শৃঙ্খলিত করে ফেলেন। সুখটাকে দু’হাতে সরিয়ে, কী পেয়েছেন তা ভুলে শুধু নিজে কীসে বঞ্চিত হয়েছেন সেই দুঃখ নিয়ে জীবন কাটিয়ে দেন এবং সেই দুঃখ শিমুল তুলোর মতো বাতাসে উড়িয়ে দেন। যুগে যুগে নারীকুলের মাঝে বঞ্চনারই বন্দনা ছড়াতে থাকে।

লেখক: কবি ও কথাসাহিত্যিক

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)