স্টাফ রিপোর্টার
, যশোর
বিশিষ্ট কথাসাহিত্যিক ইসমত চুগতাইয়ের বিখ্যাত গল্প অবলম্বনে নাটক ‘ঘোমটা’ নিয়ে আসছে শব্দ থিয়েটার। নতুন এ নাটক শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হবে। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাসউদ জামান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পড়েন নাটকটির নির্দেশক মাসউদ জামান।
সংবাদ সম্মেলনে শব্দ থিয়েটারের সদস্য শাহাবুদ্দিন সাবু, জায়েদ মোহাম্মদ, রিফাত মাহমুদ, সোহেল রানা, মারুফ হোসেন, জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঈষিকা সাকিন ও পিয়াস মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাসউদ জামান বলেন, ‘ঘোমটা’ প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশের নাট্যাঙ্গনে দুটি নতুন উদ্যোগের সূচনা করতে যাচ্ছে শব্দ থিয়েটার। এর মধ্যে প্রথমটি হলো ঢাকার বাইরের মঞ্চে জনপ্রিয় তারকা শিল্পীদের যুক্ত করা। এ ধারাবাহিকতায় জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঈষিকা সাকিন প্রথমবারের মতো যশোরের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন।
জেলা শহরের নাট্যচর্চায় রাজধানীকেন্দ্রিক পরিচিত শিল্পীদের সরাসরি যুক্ত করার মাধ্যমে দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতার সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদী।
এদিকে দ্বিতীয় উদ্যোগ হিসেবে সরাসরি থিয়েটারের টিকিট বিক্রিতে ডিজিটাল ব্যবস্থা চালু করেছে শব্দ থিয়েটার। সংগঠনটির নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে বিকাশে ঘরে বসেই টিকিট কেনার সুযোগ পাবেন দর্শকরা। ২ অক্টোবরের প্রদর্শনীর জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ও ২০০ টাকা।
সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করে নাটকের প্রধান চরিত্রে অভিনয় করা ঈষিকা সাকিন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে পড়াশোনা শেষ করে নাটক ও সিনেমায় কাজ করেছেন তিনি। তবে মঞ্চে সরাসরি দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার আনন্দ আলাদা। যশোরের মানুষ সংস্কৃতিপ্রেমী ও তাদের ভাষাও মিষ্টি উল্লেখ করে তিনি দর্শকদের ভালোবাসা প্রত্যাশা করেন।