বাগেরহাট প্রতিনিধি
খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি ভট্টবালিঘাটা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল কাদের। তিনি বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা এবং পেশায় মোটরসাইকেল চালক ছিলেন।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে (খুলনা মেট্রো-হ ১৩-৮৮৮৫) তিনজন খুলনার দিকে যাচ্ছিলেন। চুলকাঠির ভট্টবালিঘাটা এলাকায় মোংলাগামী একটি ট্রাকের (রংপুর-ট ১১-০৩৯৫) সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চালক আব্দুল কাদেরের মৃত্যু হয়। মোটরবাইকে থাকা অপর দুই যাত্রী গুরুতর জখম হন।
স্থানীয় বাসিন্দারা মুমূর্ষু অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করেছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।