খুলনা অফিস
রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক আর কাউকে নির্যাতনের শিকার দেখতে চাই না, চাই না আর কেউ গুমের শিকার হোক, লঙ্ঘন হোক কারও মানবাধিকার। সবাই যেন তার অধিকার নিয়ে সম্মান, মর্যাদা আর ন্যায়বিচার নিশ্চিত করে বেঁচে থাকতে পারেন- এমনটাই প্রত্যাশা।
শুক্রবার (২৬ জুন) সকালে খুলনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ‘নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন। দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ খুলনা ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব এবং দিবসের বিবৃতি পড়ে শোনান করেন মানবাধিকার সংগঠন অধিকার খুলনা ইউনিটের ফোকালপার্সন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নেতা ও অধিকারের হিউম্যান রাইটস ডিফেন্ডার কেএম জিয়াউস সাদাত। প্রধান অতিথির বক্তৃতা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান।
সমাবেশ থেকে সম্প্রতি মোংলায় কোস্টগার্ডের বিরুদ্ধে ওঠা শেখ মিরাজ নামে একজন গুমের শিকার জেলেকে অবিলম্বে ফিরিয়ে দেওয়া এবং তার স্ত্রী, বোন মায়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে পুলিশ কর্তৃক দুই চোখ উপড়ানো যুবক শাহাজালাল এবং র্যাব কর্তৃক গুম ও নির্যাতনের শিকার হয়ে ফিরে আসা ক্ষুদ্র ব্যবসায়ী ইমরান হোসেনসহ নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং অভিযুক্ত আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।