মাগুরা প্রতিনিধি
‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটির আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খাইরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এস কে ইফতেখার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।
পরে মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।