রাসেল মাহমুদ
, যশোর
সাবেক চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও হামলাকারী শেখ রনি
ছবি:
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোদাচ্ছের আলীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
রোববার (২৬ জুলাই) মাগরিবের নামাজের পূর্বমুহূর্তে রূপদিয়া বাজারের পূর্বপাশে মুনসেফপুর মোড়ের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী চা দোকানি হারুন-অর-রশিদ জানান, মোদাচ্ছের আলী তার দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন।
এ সময় রূপদিয়া গ্রামের জ্বালানিকাঠ ব্যবসায়ী শেখ শওকত আলীর (পুইটে) ছোট ছেলে শেখ রনি (২৪) আকস্মিকভাবে সেখানে এসে তার ওপর চড়াও হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কেউ কিছু বুঝে ওঠার আগেই রনি মোদাচ্ছের আলীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রূপদিয়া ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হামলার ঘটনার নিন্দা জানিয়ে এবং অভিযুক্ত শেখ রনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দল-মত নির্বিশেষে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘটনাস্থলে জড়ো হন।
হামলার পর স্থানীয়দের সহায়তায় আহত মোদাচ্ছের আলীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার ছেলে আসিম আবিদ অমি জানান, যশোরের ল্যাবএইড ক্লিনিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।