মাগুরা জেলা পুলিশের সফল অভিযান:
মাগুরা প্রতিনিধি
মাগুরা শহরের সিদ্দিকিয়া কামিল মাদরাসার পঞ্চম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হওয়ার তিন ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করেছে জেলা পুলিশ।
পুলিশ বলছে, সোমবার সকাল ১১টার দিকে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের অফিসে এসে একজন নারী জানান, তার মেয়ে সকালে বাসা থেকে মাদরাসায় যাওয়ার পথে ইজিবাইকে ওঠার পর নিখোঁজ হয়।
এ খবর পাওয়ার সাথে সাথেই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খায়রুল হাসানের নেতৃত্বে ওয়ানস্টপ সার্ভিস সেন্টার, মাগুরা সদর থানা, ডিবি, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং ডিএসবিসহ জেলা পুলিশের সব ইউনিট সমন্বিতভাবে তাৎক্ষণিক অভিযান শুরু করে। তিন ঘণ্টার মধ্যে আড়পাড়া পুরনো টোল প্লাজা এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
উদ্ধার ছাত্রীর ভাষ্য, ইজিবাইকে ওঠার সময় এক অপরিচিত ব্যক্তি একই গাড়িতে উঠে তার ওপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করলে সে অচেতন হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর পুলিশ তাকে উদ্ধার করে।
এ ঘটনার বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য যাচাই করছে এবং তদন্ত অব্যাহত রেখেছে।
এদিকে, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ ধরনের ঘটনা প্রতিরোধে সব অভিভাবককে সন্তানদের বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।