মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্ধারিত পদযাত্রা ও পথসভাস্থলের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্বরের সভাস্থল থেকে মাত্র ১০০ গজ দূরে একটি পরিত্যক্ত সবজির ব্যাগের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
এর আগে, এনসিপির এই কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার সকালেই দলটির শীর্ষ তিন নেতার কুশপুতুল বৈদ্যুতিক তারের সাথে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটে। কুশপুতুল টানানো ও উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও সভাস্থলের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ জানান, সমাবেশস্থলের পাশে একটি পরিত্যক্ত সবজির ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে সেটি থানায় নিয়ে যায়। দলীয় নেতাকর্মীদের মনে ভয়ভীতি দেখানোর জন্যই দুর্বৃত্তরা এটি রেখে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে। কুশপুতুল ও বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা দুটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। কে বা কারা এই ঘটনাগুলোর মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।