ঝিনাইদহ প্রতিনিধি
খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরুত্থান হতে দেওয়া হবে না। ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর অবস্থানে থাকবে।
তিনি বলেন, ‘৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোনো শঙ্কা নেই। পুলিশ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।’
সোমবার বিকেলে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
মাদকের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে ডিআইজি বলেন, সরকারের এ প্রতিশ্রুতি বাস্তবায়নে পুলিশ পুরোপুরি প্রস্তুত।
কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করা হবে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং ব্যক্তিগত কোনো অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না।
তথ্য আদান-প্রসঙ্গ তুলে ধরে ডিআইজি বলেন, বর্তমান অবাধ তথ্যপ্রবাহের যুগে সময়মতো সঠিক তথ্য না দিলে গুজব ছড়িয়ে পড়তে পারে। এ কারণে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের দ্রুত ও নির্ভুল তথ্য গণমাধ্যমকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্যের অবাধ প্রবাহ বজায় রেখে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে হবে।
মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, মুশফিকুর রহমান, মাহফুজ হোসেন এবং সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আখতারুজ্জামানসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।