মাগুরা প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে মাগুরায় গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে দুইজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) মাগুরা সদর উপজেলার চাঁদপুর ও পারলা খালকুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এই দণ্ড দেওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আবুল কাশেম মোল্লার ছেলে ওহিদুল মোল্লা (৫০) এবং পারলা খালকুলপাড়া গ্রামের আঃ রহিম মোল্যার ছেলে সজল মোল্যা (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মাগুরার পরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওহিদুল মোল্লাকে গাঁজা সেবন এবং সজল মোল্যাকে ইয়াবা ট্যাবলেট সেবনের অপরাধে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে পৃথক দুটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুন নবী জোহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয় আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।