লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও দলটির শীর্ষ নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট এবং ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলটির নড়াইল জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. শাহজাহান খান সাজু লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) লোহাগড়া থানায় করা জিডিতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়। জিডি নম্বর ১০৪৬।
জিডিতে শাহজাহান খান সাজু উল্লেখ করেন, ১৯ আগস্ট রাত ৯টা ২৮ মিনিটের দিকে তিনি বড় ভাই বীর মুক্তিযোদ্ধা খান জাহান খানের কাশিপুর গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় এসএমএ ডলার নামে একটি ফেসবুক আইডি থেকে এনসিপির আহ্বায়ক, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ মন্তব্যসহ একটি পোস্ট করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে শাহজাহান খান সাজুর ব্যক্তিগত নম্বরে ফোন করা হয়। এ সময় এনসিপি, জুলাই-২৪ এবং তার পরিবারের সদস্যদের নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
শাহজাহান খান সাজুর অভিযোগ, ওই ফেসবুক আইডি থেকে নিয়মিত এনসিপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ছবি ও পোস্ট করা হচ্ছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। একই সঙ্গে অজ্ঞাত ব্যক্তিরা তার ও পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
জিডিতে তিনি আরও উল্লেখ করেন, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত না থাকায় আপাতত বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার আবেদন করেন তিনি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।