চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় অপহৃত ১৪ বছর বয়সী এক শিশুকে রাজশাহী থেকে র্যাব-৫ এর সহযোগিতায় উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ।
এ ঘটনায় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাজশাহী মহানগরীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর গ্রামের সুমন খান (৩৭) এবং রাজশাহী নগরীর আলীগঞ্জ মধ্যপাড়ার বাসিন্দা রুবেল শেখ (৩৮)।
এজাহার সূত্রে জানা গেছে, দর্শনা থানার প্রতাপপুর দক্ষিণপাড়ার বাসিন্দা নাঈম উদ্দিন (১৪) গত ২২ আগস্ট বেলা ১১টা ৫ মিনিটের দিকে প্রতিদিনের মতো বাড়ির সামনে পাকা রাস্তায় খেলতে বের হয়।
দুপুরের পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে কোন সন্ধান না পেয়ে তার বাবা দর্শনা থানায় সাধারণ ডায়েরি করেন।
এরপর ২৩ আগস্ট সকালে শিশুটির বড়ভাই মাসুদ রানার মোবাইলে অজ্ঞাতনামা ব্যক্তিরা নাঈমের মুখ টেপ দিয়ে মোড়ানো এবং হাত-পা বাঁধা অবস্থার ছবি পাঠায়।
শিশুটিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তারা এক লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ রাজশাহী র্যাব এর সহযোগিতায় অভিযান শুরু করে।
পরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত শিশু নাঈম উদ্দিনকে উদ্ধার করে।
একই অভিযানে অপহরণচক্রের মূলহোতা সুমন খানকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন স্বর্ণপট্টি আবাসিক হোটেল এলাকায় পৃথক অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত আসামি রুবেল শেখকে গ্রেপ্তার করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, রোববার রাজশাহী র্যাব-৫ এর সহযোগিতায় অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। সোমবার (২৪ আগস্ট) সকালে গ্রেপ্তার আসামিদের দর্শনা থানায় আনা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।