স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর গ্রামের হারুন-অর-রশীদকে অপহরণ ও গুমের অভিযোগে তিন ভাইসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) অপহৃত হারুন-অর-রশীদের স্ত্রী শিল্পী খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহিন বালুজ।
আসামিরা হলেন, অপহৃত হারুন-অর-রশীদের ভাই ইসমাইল, ইমরান আলী ও ইদ্রিস আলী এবং ভাতিজা শামীম, রিজভী ও রাকিবুল।
মামলার বিবরণে জানা গেছে, হারুন-অর-রশীদের সাথে তার ভাইদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। জমি ভাগ-বাটোয়ারার বিষয়ে ভাইদের সাথে বিরোধের জেরে গত ১৮ জুন শিল্পী খাতুনের সামনে তার স্বামীকে গুম করার হুমকি দেওয়া হয়।
গত ১৯ জুন সন্ধ্যা ৭টার দিকে গোপীকান্তপুর বাজার মোড় থেকে হারুন-অর-রশীদকে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরবর্তীতে শিল্পী খাতুন আসামিদের কাছে তার স্বামীর বিষয়ে জানতে চাইলে তারা তাকে ভয়ভীতি দেখায়। এ সময় এক আসামি তার স্বামীকে গুম করে আটকে রাখার কথা স্বীকার এবং প্রয়োজনে তাকে হত্যার হুমকি দেন।
এ ঘটনায় থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ তা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।