স্টাফ রিপোর্টার
, যশোর
সাংবাদিক পরিচয়ে একটি রুটি ও বিস্কুটের কারাখানায় চাঁদাবাজি করার অভিযোগে প্রিন্স মাহমুদ (২৯) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন ওই কারখানার মালিক। বুধবার (২৬ আগস্ট) প্রিন্স মাহমুদকে কারাখানার সামনে থেকে আটক করা হয়।
আটক প্রিন্স যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে।
সদর উপজেলার কৈখালী গ্রামের বর্তমানে রুপদিয়া জামতলা এলাকার মৃত কাজী নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম অভিযোগ করেছেন, হাটবিলা এলাকায় তার একটি রুটি ও বিস্কুটের কারখানা আছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে প্রিন্স মাহমুদ ও তার এক সঙ্গী কারাখানার সামনে আসেন।
তার কর্মচারী শফিকুল ইসলামকে দিয়ে তাকে ফোন দিয়ে বলেন, ‘কারখানার মধ্যে মশা ও মাছি পড়ে আছে। কিছু ছবি তুলে রেখেছি। আমাদের কিছু টাকা দিতে হবে। টাকা না দিলে ছবিগুলো টিএনও স্যারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।’
এরপর নজরুল ইসলামের কথায় বিকেল ৫টার দিকে প্রিন্স মাহমুদ তার এক সঙ্গীকে নিয়ে ওই কারখানায় আসেন। এবং কিছু চাঁদা দাবি করেন বলে তিনি অভিযোগ করেন।
এ সময় তিনি প্রিন্সের কাছে সাংবাদিকের পরিচয়পত্র দেখাতে বললে তিনি তা দেখাতে পারেননি।
এসময় কারখানার মালিক টাকা দিকে অস্বীকার করলে তাকে নানা হুমকি দেওয়া হয়। তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে প্রিন্সকে আটক করাহয়। তার সঙ্গী সেখান থেকে কৌশলে পালিয়ে যান। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ গিয়ে প্রিন্সকে হেফাজতে নেয়। এই ঘটনায় কারখানা মালিক কাজী নজরুল ইসলাম কোতোয়ালি থানায় মামলা করেছেন।