স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার আবাদ কচুয়া এলাকায় নেশার টাকা না দেওয়ায় বাবাকে মারপিট ও হত্যার হুমকির অভিযোগে ছেলে শেখ তুহিনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) শেখ গোলাম আলী বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ছেলে তুহিন নেশাগ্রস্ত এবং মাদকসেবীদের সঙ্গে চলাফেরা করে। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই পরিবারের সদস্যদের কাছে টাকা দাবি করে। টাকা না দিলে তাদের মারধর করে। এর আগেও তাকে ও তার স্ত্রীকে মারধর করেছে। গত ১৫ আগস্ট বিকেলে তুহিন তার বাবার কাছে নেশার জন্য এক হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তাকে এলোপাতাড়ি মারপিট করা হয়। একপর্যায়ে বুকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় সে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে মাকে মারধর করে তুহিন।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তাদের হত্যার হুমকি দিয়ে চলে যায়।
বাদী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি মিমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।