খুলনা অফিস
নগরীর টুটপাড়া এলাকায় কাজী সাজ্জাদ (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে তার ডান পা জখম হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
গুলিবিদ্ধ সাজ্জাদ টুটপাড়া এলাকার বাসিন্দা কাজী কামালের ছেলে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এ খবর নিশ্চিত করে জানান, টুটপাড়া এলাকায় কাজী সাজ্জাদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।