যশোর, বাংলাদেশ || সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় গরু চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে আহত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ১২:৩৬ পিএম
আপডেট : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৫:০৭ পিএম
চৌগাছায় গরু চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে আহত যুবকের মৃত্যু

যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মিজানুর রহমান কুষ্টিয়ার বাটকেমারি গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৩টার দিকে বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে তিনজনের একটি দল প্রবেশ করে।

তারা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পান বাড়ির মালিক ইদ্রিস আলী। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করেন।

একপর্যায়ে দুজন পালিয়ে গেলেও স্থানীয়রা মিজানুর রহমানকে ধরে ফেলেন। পরে বিক্ষুব্ধ জনতা তাকে সংঘবদ্ধভাবে পিটিয়ে গুরুতর আহত করে।

গরুর মালিক ইদ্রিস আলী বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে তিনি গোয়ালঘরে তিনজনকে তালা ভাঙতে দেখেন। এ সময় চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলেন।

বাকি দুজন পালিয়ে যান। তার দাবি, এক বছর আগেও তার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছিল।

খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজা উদ্দিন বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত আঘাতের কারণে শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)