স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী, হত্যাসহ নয় মামলার আসামি রকিকে (৩২) ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। গত রোববার (৪ অক্টোবর) দুপুরে তাকে রেলগেট রেলক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানা পুলিশের এসআই আল আমিন হোসেন বলেন, গত রোববার দুপুর পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলগেট রেলক্রসিং এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রকিকে গ্রেপ্তার করেন। পরে তার কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রকি রেলগেট পশ্চিম পাড়ার শহিদুল ইসলাম বাবুর ছেলে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
তিনি জানান, আটক রকির বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি হত্যা, অস্ত্র আইনের চারটি, বিস্ফোরকের একটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলা রয়েছে।